খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২৪ আগস্ট) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৭ ডিসেম্বর সি ও ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি ইউনিটের আওতায় রয়েছে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুলের ডিসিপ্লিনগুলো। ডি ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনগুলো। ১৮ ডিসেম্বর এ ও বি ইউনিটের পরীক্ষা। এ ইউনিটে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুল এবং বি ইউনিটে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলো।
ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হবে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের আবেদন শুরু হবে ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু ১২ নভেম্বর, পরীক্ষা ৮ জানুয়ারি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিনটি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।