দারুন্নাজাত একাডেমিতে শনিবার (২৯ আগস্ট) সকালে ৩য় আরবি-ইংরেজি স্পেলিং বি ও ভোকাবুলারি কম্পিটিশন ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় শব্দের সঠিক বানান, উচ্চারণ ও ভাষাগত দক্ষতা যাচাই করা হয়।
প্রতিযোগিতার বিভিন্ন পর্বে ‘স্পেল ইট’, ‘স্পেল হাইভ’, ‘স্পেল রিং’, ‘ডিকটেইশন’ ও ‘স্পেল উইজারড্রি’-র মতো আকর্ষণীয় পরীক্ষাগুলো অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক। প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, "শব্দ শুধু শেখার বিষয় নয়—শব্দই গড়ে তোলে ভাষা, আর ভাষাই খুলে দেয় সম্ভাবনার দরজা। ইংরেজি ও আরবি ভাষার শব্দভাণ্ডার, বানানদক্ষতা, মেধা ও আত্মবিশ্বাসকে উদযাপন করতে এ ধরনের আয়োজন বারবার হওয়া প্রয়োজন। এ আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃষ্টিশীলতা ও ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে। দারুন্নাজাত একাডেমি নিঃসন্দেহে এ উদ্যোগের জন্য প্রশংসার দাবিদার।"
দারুন্নাজাত একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক বলেন, "দারুন্নাজাত একাডেমি একটি ইংরেজি ও আরবি ভার্সনের মাদরাসা। শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আজকের এ প্রতিযোগিতা। আমাদের দৃঢ় বিশ্বাস, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের উভয় ভাষার দক্ষতা আরও বৃদ্ধি করবে।"
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, "দারুন্নাজাত একাডেমি নিয়মিতই আমাদের নিয়ে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এর মাধ্যমে নতুন কিছু জানা ও শেখার আগ্রহ বাড়ছে।" অন্যদিকে, অভিভাবকরা জানান, "দারুন্নাজাত একাডেমি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে নানামুখী প্রয়াস চালিয়ে যাচ্ছে। নিয়মিত শ্রেণিকক্ষভিত্তিক কার্যক্রমের পাশাপাশি বিতর্ক, মাসনুন দোয়া, কিরাত, ইসলামি সংগীত, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও ইসলামিক কালচারাল প্রোগ্রামসহ বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা করছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করেই গড়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।"