বাংলাদেশে ও লেভেল শেষ করার পর আন্তর্জাতিক মানের এ লেভেল শিক্ষায় অগ্রসর হতে অনেক মেধাবী শিক্ষার্থীকে আর্থিক ও বাস্তব নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো আরও প্রকট। এই বাস্তবতাকে সামনে রেখে প্রতিবছর একজন মেধাবী ছাত্রীকে সম্পূর্ণ বিনা খরচে এ লেভেল পড়ার সুযোগ দিতে স্কলারশিপ চালু করেছে দেশের অন্যতম ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি)।

‘আনোয়ারা ইসলাম স্কলারশিপ’ নামক এই উদ্যোগের মাধ্যমে প্রতিবছর একজন মেধাবী ছাত্রী দুই বছরের এ লেভেল শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণের সুযোগ পাবেন। এই স্কলারশিপের আওতায় ভর্তি ফি এবং টিউশন ফি শতভাগ বহন করা হবে। বিআইটির দাবি অনুযায়ী, দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলোর মধ্যে কেবল একজন মেধাবী ছাত্রীর জন্য পূর্ণাঙ্গ এ লেভেল শিক্ষার ব্যয় বহনের এমন উদ্যোগ বিরল।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের অক্টোবর মাসে ‘আনোয়ারা ইসলাম স্কলারশিপ’-এর প্রথম প্রাপকের নাম ঘোষণা করা হবে। এটি কেবল আর্থিক সহায়তা নয়, বরং অসাধারণ একাডেমিক সাফল্যের একটি স্বীকৃতি। এই স্কলারশিপের জন্য আবেদনকারীদের ও লেভেল পরীক্ষায় অন্তত ৯টি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জন করতে হবে। এছাড়া নেতৃত্বগুণ, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শ্রেণিকক্ষের বাইরের ইতিবাচক অবদানকেও মূল্যায়নের আওতায় রাখা হবে। একটি স্বচ্ছ ও মেধাভিত্তিক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত শিক্ষার্থী নির্বাচন করা হবে।

নারীশিক্ষার প্রতি অটুট বিশ্বাস ও অঙ্গীকারের কথা স্মরণ করে এই স্কলারশিপটির নামকরণ করা হয়েছে আনোয়ারা ইসলামের নামে। বিআইটির তথ্যমতে, তাঁর সেই আদর্শ থেকেই তাঁর কন্যা লুবনা চৌধুরী ১৯৮৩ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল প্রতিষ্ঠা করেন।

বিআইটির বোর্ড পরিচালক আনিকা রহমান এই স্কলারশিপটি চালু করেছেন। তিনি বিআইটির প্রতিষ্ঠাতা লুবনা চৌধুরীর কন্যা এবং আনোয়ারা ইসলামের নাতনি। এ প্রসঙ্গে আনিকা রহমান বলেন, ‘আমার নানির বিশ্বাস ছিল, শিক্ষা একজন নারীর জীবন বদলে দিতে পারে। সেই বিশ্বাসকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং অসাধারণ মেধাবী তরুণীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, এই স্কলারশিপ ভবিষ্যতের নারী নেতৃত্ব গড়ে তুলতে অনুপ্রেরণা হয়ে উঠুক।’