সিলেট থেকে পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ফিরছিলেন ট্রেইলার চালক মো. জামাল উদ্দিন (৫০)। পথে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস সেতু এলাকায় সড়ক সরু হওয়ায় ট্রলির গতি কমিয়েছিলেন তিনি। এই সুযোগে একদল ডাকাত তাঁর ওপর হামলা চালায়। ঘাড়ের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাত পেয়েও তিনি কিছুদূর গাড়ি চালিয়ে যান, তবে অতিরিক্ত রক্তক্ষরণে শেষ পর্যন্ত পথেই তাঁর মৃত্যু হয়।

গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ফারদিন মডেল পাম্প এলাকায় ট্রেইলারের কেবিন থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, ডাকাতদের কোপ খাওয়ার পরও জামাল উদ্দিন কিছুটা পথ গাড়ি চালিয়েছিলেন। পরবর্তীতে শারীরিক দুর্বলতা অনুভব করায় তিনি স্টিয়ারিং সহকারী মো. বেল্লালের (২৮) হাতে তুলে দেন এবং দ্রুত চট্টগ্রামের দিকে যেতে বলেন। তবে ফেনীর মহিপাল এলাকায় পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

নিহত জামাল উদ্দিন ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচার গ্রামের মৃত মুনাফ ব্যাপারীর ছেলে।

চালকের সহকারী ও জোরারগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত তিনটার দিকে সিলেটের শেরপুরে পণ্য খালাস করে কনটেইনারবাহী ট্রেইলার নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেন জামাল উদ্দিন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস সেতু এলাকায় পাঁচ থেকে ছয় সদস্যের একটি ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে লরিতে হামলা চালায়। চালক গাড়ি না থামালে হামলাকারীরা সামনের ডান পাশের দরজার কাচ ভেঙে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ঘাড়ে কোপ দেয়।

গুরুতর আহত অবস্থায় জামাল উদ্দিন গাড়ি না থামিয়ে কিছুদূর চালিয়ে যান। পরে অতিরিক্ত রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়লে তিনি সহকারী বেল্লালের হাতে স্টিয়ারিং দিয়ে দ্রুত চট্টগ্রামের দিকে যেতে বলেন। বেল্লাল লরি চালিয়ে ফেনীর মহিপাল এলাকায় পৌঁছালে জামাল উদ্দিনের মৃত্যু হয়। এরপর একই পরিবহন প্রতিষ্ঠানের অন্য চালকদের সঙ্গে যোগাযোগ করে মঙ্গলবার সকাল আটটার দিকে মিরসরাইয়ের জোরারগঞ্জের ফারদিন মডেল পাম্প এলাকায় গিয়ে তিনি পুলিশকে খবর দেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম মুক্তকণ্ঠকে বলেন, "সুরতহালে নিহত চালকের ঘাড়ের ডান পাশে ধারালো অস্ত্রের গভীর ক্ষত পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ায় হওয়ায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা তারা নেবে।"