বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি এবং নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে এক দোকানমালিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাকিব হোসেন, তিনি শহরের নওয়াববাড়ি সড়কে অবস্থিত ‘মুন কাচ্চি’ ও ‘মুন ফুচকা’ প্রতিষ্ঠানের মালিক।

মঙ্গলবার বেলা একটার দিকে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ-এর নেতৃত্বে নওয়াববাড়ি সড়কে এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, ফুচকা তৈরির টেবিলটি অত্যন্ত অপরিচ্ছন্ন এবং সেখানে কাদা-ময়লার পাশাপাশি কুকুরের পায়ের ছাপ স্পষ্ট। এছাড়া ফুচকা তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করা হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খাদ্য আইন–২০১৩–এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে সাকিব হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ওই দিন সকালে নগরীর ফতেহ আলী বাজারের ফটক এলাকায় ‘ঘোষ মিষ্টান্ন ও দই’ কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি এবং বিএসটিআই-এর সনদ না থাকায় কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়ার কর্মকর্তা রাসেল মুক্তকণ্ঠকে বলেন, "ঘোষ মিষ্টান্ন ও দই কারখানায় অভিযান শেষে ফেরার পথে ‘মুন কাচ্চি এবং মুন ফুচকা’ নামের দোকানে যাওয়া হয়। সেখানে ফুচকা তৈরির টেবিলে ছিল কুকুরের পায়ের ছাপ ও কাদা-ময়লা। অপরাধ স্বীকার করায় ফুচকা দোকানি সাকিব হোসেনকে এক বছরের দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।"