দক্ষিণ কোরিয়ায় পেশাগত সুযোগের অভাবের কারণে জাপানে প্রাপ্তবয়স্কদের ভিডিওতে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন জনপ্রিয় কো-এড কে-পপ দল রুরার সাবেক সদস্য গো ইয়ং-উক।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ৫০ বছর বয়সী এই তারকা জানান, একসময় মানুষকে হাসিয়ে আনন্দ দেওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় তাঁর জন্য কাজ পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন তিনি।
এই প্রসঙ্গে গো ইয়ং-উক লেখেন, ‘কোথাও পড়েছিলাম, জাপানে পুরুষ এভি (প্রাপ্তবয়স্কদের ভিডিও) অভিনেতার সংকট রয়েছে। আইনগতভাবে সম্ভব হলে এবং অনুমতি থাকলে বিষয়টি বিবেচনা করতে পারি।’
উল্লেখ্য, ১৯৯৪ সালে রুরার সদস্য হিসেবে সংগীতজগতে ক্যারিয়ার শুরু করেছিলেন গো ইয়ং-উক। তবে ২০১৩ সালে তিন অপ্রাপ্তবয়স্ককে যৌন নিপীড়ন ও ধর্ষণের দায়ে আদালত তাঁকে আড়াই বছরের কারাদণ্ড প্রদান করেন। একই সাথে তিন বছর ইলেকট্রনিক নজরদারি ডিভাইস (অ্যাঙ্কল মনিটর) ব্যবহারের নির্দেশ দেওয়া হয় তাঁকে।
২০১৫ সালে কারাদণ্ড শেষে মুক্তি পেয়ে গো ইয়ং-উক প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। সে সময় তিনি বলেন, কারাগারে থাকাকালে নিজের কর্মকাণ্ড নিয়ে গভীরভাবে অনুশোচনা করেছেন।
মুক্তির পর জনজীবনে ফেরার একাধিক চেষ্টা করলেও তিনি সফল হননি। ২০২০ সালের নভেম্বরে ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেও ব্যবহারকারীদের অভিযোগের মুখে তা বন্ধ হয়ে যায়। এছাড়া ২০২৪ সালে খোলা তাঁর ইউটিউব চ্যানেলটিও পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়।