জুলাই অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা শেখ হাসিনা ফিরে এলে তাঁকে স্বাগত জানানোর কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। একইসঙ্গে তাঁর জন্য ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অবস্থান জানান উপদেষ্টা। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, ‘ওনার (শেখ হাসিনা) আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন ওয়েলকাম। আমরা শুরু থেকে একটা কথা বলছি, স্বাগত জানাচ্ছি বলে অনেকে ফটোকার্ড করে বলবেন আমরা ওনাকে খুব...স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, এ কথাটি এক দিন আগেও বলেছি, আমরা তাঁর জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই।’
উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা বিচারাধীন রয়েছে। তাঁকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বর্তমান সরকার। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘তাঁর (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তাঁকে যদি আমরা প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা সেই চেষ্টা করছি।’
বিচার প্রক্রিয়া ও দণ্ড কার্যকর করার বিষয়ে জাহেদ উর রহমান জানান, ‘স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রক্রিয়া চলবে। এ দেশের জনগণ যেটা চায় মৃত্যুদণ্ড যেন বহাল থাকে, কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আর যদি আদালতে তিনি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত অন্য শাস্তি দেন অথবা তাঁকে খালাস দেন, সেটাও হবে।’