যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গতকাল সোমবার এক ঘোষণায় জানিয়েছে, যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো চালকবিহীন নৌযান বা সি-ড্রোন ব্যবহার করে ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণকেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এই তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম উল্লেখ করেছে, একাধিক একমুখী আত্মঘাতী চালকবিহীন নৌযানের মাধ্যমে ইরানের ওই রক্ষণাবেক্ষণকেন্দ্রে সফলভাবে আঘাত হানা হয়েছে।

সেন্টকমের ওই পোস্টে আরও বলা হয়, ‘কোরসেয়ার’ মডেলের তিনটি চালকবিহীন নৌযান বন্দর আব্বাস নৌঘাঁটিতে আঘাত হেনেছে। এর মাধ্যমে মার্কিন বাহিনী যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো সি-ড্রোনের ব্যবহার করল।

মার্কিন কমান্ডের দাবি, এই হামলার ফলে বাণিজ্যিক জাহাজগুলোতে ইরানের অনবরত হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা ভেঙে পড়েছে। অভিযানের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে সেন্টকম।

উপসাগরীয় অঞ্চলজুড়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজমান থাকলেও, একই সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।