দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার ছোট চণ্ডীপুর কালিরহাট এলাকার একটি বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই এলাকার রিপেন চন্দ্র রায়ের স্ত্রী ছবি রানী (৪০) ও তাঁদের মেয়ে পল্লবী রানী (১৫)।

মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াকিন আলী জানান, রিপেনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছালে মা ও মেয়ের মরদেহ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তিনি আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ থেকে ১২ দিন আগে পল্লবী তাঁর বাবার অমতে পাশের ফুলবাড়ী উপজেলায় বিয়ে করেন। এই বিয়েকে কেন্দ্র করে পল্লবীর বাবা ও মায়ের মধ্যে দীর্ঘ সময় ধরে ঝগড়া চলছিল। স্থানীয়দের দাবি, গতকাল রিপেন বাড়িতে মা ও মেয়েকে মারধর করেন এবং এর প্রতিক্রিয়া হিসেবেই তাঁরা আত্মহত্যা করেছেন।

ঘটনা প্রসঙ্গে পার্বতীপুরের আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, "মা-মেয়ের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"