বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আগে এক চমকপ্রদ পরিসংখ্যান সামনে এসেছে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কোনোটির মুখোমুখি না হয়েই সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে পরাজিত করার মাধ্যমে তারা এই অনন্য মাইলফলক স্পর্শ করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯৪ বিশ্বকাপ থেকে হিসাব করলে আর্জেন্টিনাই একমাত্র দল, যারা সেমিফাইনালের আগে শীর্ষ ১৫ দলের কোনোটির মুখোমুখি হয়নি। বর্তমান ফিফা র‍্যাঙ্কিং ১৯৯২ সালে চালু হওয়ায় ১৯৯৪ বিশ্বকাপ থেকে এই হিসাব করা হয়েছে।

এই আসরে আর্জেন্টিনার প্রতিপক্ষদের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী ছিল সুইজারল্যান্ড (১৯)। এছাড়া তারা মুখোমুখি হয়েছে মিসর (২৯), কেপ ভার্দে (৬৭), জর্ডান (৬৩), অস্ট্রিয়া (২৪) ও আলজেরিয়ার (২৮) মতো দলগুলোর। এই দলগুলোর গড় র‍্যাঙ্কিং ৩৮, যা বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালের আগে সবচেয়ে কম গড় র‍্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলার রেকর্ড।

১৯৯৪ সাল থেকে এখন পর্যন্ত মোট ৩৬টি দল সেমিফাইনাল খেলেছে। তাদের মধ্যে আর্জেন্টিনা বাদে বাকি ৩৫টি দলই সেমিফাইনালের আগে অন্তত একটি শীর্ষ ১৫ দলের মুখোমুখি হয়েছে। এই হিসাবটি করা হয়েছে বিশ্বকাপ শুরুর আগে দলগুলোর সর্বশেষ অবস্থান অনুযায়ী।

তুলনামূলকভাবে দেখা যায়, এই বিশ্বকাপে ফ্রান্স সেমিফাইনালের আগে গ্রুপ পর্বে সেনেগাল (১৫) ও কোয়ার্টার ফাইনালে মরক্কোর (৭) মুখোমুখি হয়েছিল। স্পেনকে নকআউট পর্বে পার করতে হয়েছে পর্তুগাল (৫) ও বেলজিয়ামের (৯) বাধা। আর্জেন্টিনা ছাড়া এই আসরে ইংল্যান্ডের প্রতিপক্ষরা তুলনামূলক সহজ ছিল। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া (১১) ও শেষ ষোলোতে মেক্সিকো (১৪) বাদে তাদের বাকি চার প্রতিপক্ষই ছিল শীর্ষ ১৫-এর বাইরে। তবে শীর্ষ ১০ দলের হিসেবে দেখা যায়, ইংল্যান্ড ও আর্জেন্টিনা কাউকেই শীর্ষ দশের কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়নি।

পূর্ববর্তী বিশ্বকাপের দিকে তাকালে দেখা যায়, ২০১৮ সালে ইংল্যান্ড সেমির আগে শীর্ষ ১৫-এর মাত্র একটি দল বেলজিয়ামের (৩) মুখোমুখি হয়েছিল। ২০১০ সালে উরুগুয়েও সেমিফাইনালের আগে শীর্ষ ১৫-এর মাত্র একটি দল ফ্রান্সের (৯) মুখোমুখি হয়েছিল। ২০০২ সালে সেমিফাইনালিস্ট তুরস্ক গ্রুপ পর্বে ব্রাজিলের পর আর কোনো শীর্ষ ১৫ দলের মুখোমুখি হয়নি। সেই বিশ্বকাপের ফাইনালিস্ট জার্মানি সেমির আগে শীর্ষ ১৫-এর কেবল আয়ারল্যান্ড (১৫) ও যুক্তরাষ্ট্রের (১৩) মুখোমুখি হয়েছিল।

অন্যদিকে, ১৯৯৪ থেকে এখন পর্যন্ত সবচেয়ে কঠিন যাত্রা ছিল কিছু দলের। ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো সেমির আগে চারটি শীর্ষ ১৫ দলের মুখোমুখি হয়েছিল—ক্রোয়েশিয়া (১২), বেলজিয়াম (২), স্পেন (৭) ও পর্তুগাল (৯)। ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সও সেমিফাইনালের আগে পেরু (১১), ডেনমার্ক (১২), আর্জেন্টিনা (৫) ও উরুগুয়ে (১৪)-এর মতো চারটি শীর্ষ ১৫ দলের বিপক্ষে খেলেছিল। ২০০২ বিশ্বকাপে সহস্বাগতিক দক্ষিণ কোরিয়াও সেমির আগে যুক্তরাষ্ট্র (১৩), পর্তুগাল (৫), ইতালি (৬) ও স্পেনের (৮) মতো চারটি শীর্ষ ১৫ দলের মুখোমুখি হয়েছিল।

বিশ্বকাপে উরুগুয়ের ৭২ বছরের রেকর্ডে ভাঙল আর্জেন্টিনা।