নওগাঁর মহাদেবপুর উপজেলার পাহাড়পুর গ্রামে নিজ ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁদের মৃত্যুর খবর সামনে আসে। পুলিশের প্রাথমিক ধারণা, বিষক্রিয়ার ফলেই তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে।

মৃত দম্পতির পরিচয় লোকমান মণ্ডল (৪৭) এবং তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম (৪১) হিসেবে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোকমান ও দেলোয়ারার এক ছেলে ও এক মেয়ে রয়েছে, যারা তাঁদের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। আজ ভোর চারটার দিকে লোকমানের ছেলে মুক্তার হোসেন নিকটাত্মীয়দের ফোন করে জানান যে, তাঁর মা ও বাবা অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে প্রতিবেশীদের জানানো হয়। প্রতিবেশীরা ঘরে ঢুকে তাঁদের দুজনকে খাটের ওপর মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দম্পতির ছেলে মুক্তার হোসেন মাদক এবং অনলাইন মোবাইল জুয়ায় আসক্ত। নেশা ও জুয়ার টাকার জন্য প্রায়ই মা-বাবার সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলত এবং তিনি একাধিকবার তাঁদের হত্যার হুমকি দিয়েছিলেন। স্থানীয়দের ধারণা, নেশার টাকা না পেয়ে বিষাক্ত কিছু খাইয়ে তিনি মা-বাবাকে হত্যা করতে পারেন।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, "মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের বাহ্যিক লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কিছু খাওয়ার ফলে তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই দম্পতির মেয়ের করা অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।"

কারও নাম উল্লেখ করে অভিযোগ করা হয়নি জানিয়ে ওসি ওমর ফারুক আরও বলেন, "স্থানীয় লোকজন এই দম্পতির ছেলের বিরুদ্ধে অনেক কথাই বলছেন। তবে যেহেতু মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়নি এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয়, তাই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে তদন্তে ছেলে বা অন্য কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"