সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২ কেজি ১৬০ গ্রাম গলিত সোনা উদ্ধার করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল ১০টার দিকে মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী নামের ওই যাত্রীকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সকালে দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান শহীদুল আলম চৌধুরী। তিনি যখন ব্যাগসহ কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করছিলেন, তখন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তাঁর কাছে সোনার চালান থাকার বিষয়টি জানতে পারেন। এরপর তল্লাশি চালিয়ে শহীদুলের অন্তর্বাস ও বেল্টের (কোমরবন্ধনী) ভেতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গলিত সোনা এবং অলংকারগুলো উদ্ধার করা হয়।

মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, "উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। আটক যাত্রীকে কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বৈদেশিক মুদ্রা পাচার রোধসহ সোনা চোরাচালানের বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে।"