বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কায়া কালাসের সঙ্গে সাক্ষাৎ করেন।
আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ ও ইইউ-এর সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন। একইসঙ্গে তারা জাতিসংঘের সংস্কার এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় সহযোগিতা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও বৈঠকে গুরুত্বারোপ করা হয়। এই আলোচনায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।