দেশজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ শীর্ষক একটি প্রতিযোগিতার আয়োজন করেছে আকিজ পাইপস। গতকাল রোববার ঢাকার আকিজ হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আকিজ গ্রুপের প্রতিষ্ঠানটি এই ক্যাম্পেইনের ঘোষণা দেয়।
আকিজ পাইপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলমান ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও উদযাপনের সুযোগ করে দিতেই এই বিশেষ আয়োজন। এই প্রতিযোগিতার মূল আকর্ষণ এর ভিন্নধর্মী খেলার নিয়ম। সাধারণ ফুটবলের মতো পায়ে নয়, বরং মুখে ফুঁ দিয়ে বল নিয়ন্ত্রণ করতে হবে। আকিজ পাইপস ব্যবহার করে তৈরি বিশেষ গেমিং প্ল্যাটফর্মে প্রতিযোগীরা পাইপের ভেতর ফুঁ দিয়ে কৌশলে বলকে প্রতিপক্ষের গোলপোস্টে পাঠানোর চেষ্টা করবেন। সহজ ও ব্যতিক্রমী এই খেলায় যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই ক্যাম্পেইনের অংশ হিসেবে আকিজ পাইপসের চারটি সুসজ্জিত ব্র্যান্ডেড ক্যারাভ্যান দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় ভ্রমণ করবে।
এ বিষয়ে আকিজ পাইপসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পরিতোষ চন্দ্র মিত্র বলেন, ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপের মাধ্যমে একটি সাধারণ পণ্যকে আমরা আনন্দ ও উৎসবের এক অসাধারণ অভিজ্ঞতায় রূপ দিয়েছি, যা ফুটবলপ্রেমীদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।’