প্রতি বছর সেপ্টেম্বর মাসে নতুন আইফোন উন্মোচনের প্রথা মেনে এ বছরও আইফোন ১৮ সিরিজ বাজারে আনতে পারে অ্যাপল। তবে বরাবরের মতোই নতুন মডেল নিয়ে কোম্পানিটি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, যার ফলে প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে তুমুল জল্পনাকল্পনা। নতুন আইফোনের কারিগরি বৈশিষ্ট্য এবং বিভিন্ন সুবিধা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোতে নানা গুঞ্জন ছড়িয়েছে।

বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, আইফোন ১৮ সিরিজের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় এর বাজারমূল্য বাড়তে পারে। একই সঙ্গে অ্যাপলের সম্ভাব্য প্রথম ভাঁজযোগ্য বা ফোল্ডেবল আইফোন (যার নাম হতে পারে আইফোন আলট্রা) নিয়ে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, এই মডেলে প্রায় ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি থাকতে পারে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুসারে, স্টোরেজ ও মেমোরির দাম বাড়ায় নতুন প্রজন্মের আইফোন তৈরিতে আগের চেয়ে বেশি ব্যয় হতে পারে। এছাড়া ২ ন্যানোমিটার প্রযুক্তির নতুন প্রসেসর এবং প্রো মডেলে পরিবর্তনযোগ্য অ্যাপারচার সুবিধাসম্পন্ন প্রধান ক্যামেরা যুক্ত হলে দাম আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন মডেলগুলোর দাম আগের সংস্করণের তুলনায় সর্বোচ্চ ২০০ মার্কিন ডলার পর্যন্ত বাড়তে পারে। তবে সব মডেলের দাম এক না করে মডেলভেদে ভিন্ন মূল্য নির্ধারণ করতে পারে অ্যাপল।

অন্যদিকে, চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ডিজিটাল চ্যাট স্টেশন নামের একটি তথ্য ফাঁসকারী সূত্র দাবি করেছে, অ্যাপলকে ব্যাটারি সরবরাহকারী একটি প্রতিষ্ঠান সম্প্রতি দুটি পৃথক ব্যাটারি সেলের অনুমোদন নিয়েছে। সাধারণত ফোল্ডেবল স্মার্টফোনে দুটি অংশে ব্যাটারি ব্যবহৃত হয়। এক্ষেত্রে একটির ধারণক্ষমতা ১ হাজার ৯২১ এবং অন্যটির ২ হাজার ৯৬২ মিলিঅ্যাম্পিয়ার, যা মিলিয়ে মোট ৪ হাজার ৮৮৩ মিলিঅ্যাম্পিয়ার হয়। বাজারজাত করার সময় এটিকে প্রায় ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি হিসেবে উল্লেখ করা হতে পারে। এই তথ্য সঠিক হলে আইফোন আলট্রার ব্যাটারি বর্তমানের অধিকাংশ আইফোনের চেয়ে শক্তিশালী হবে।

নকশার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে আইফোন ১৮ প্রো মডেলে। বিভিন্ন সূত্রের দাবি, নতুন মডেলগুলোর ওজন আগের তুলনায় কিছুটা বাড়বে এবং বিশেষ করে আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলের ওজন ২৪০ গ্রামের বেশি হতে পারে। ফোনের পুরুত্ব নিয়েও ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে; কেউ বলছেন ফোনগুলো আগের চেয়ে কিছুটা পুরু হবে, আবার কারও মতে মূল পরিবর্তন আসবে ক্যামেরা মডিউলের আকারে। রঙের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। কালো রঙের প্রো মডেলের পরিবর্তে গাঢ় চেরি, হালকা নীল ও রুপালি রঙে নতুন ফোন আনতে পারে অ্যাপল। তবে অনলাইনে প্রকাশিত এসব তথ্যের বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য করেনি।