রাজধানীর মোহাম্মদপুরে ঘুমের ওষুধ সেবনের ফলে আদ দ্বীন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে শ্যামলী এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃতের স্বজনদের পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়। এই ক্ষোভ থেকে তারা হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর আক্রমণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গেছে, আদ দ্বীন ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। তবে পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শ্যামলীর সিটি কেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনা প্রসঙ্গে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, "ওই যুবককে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে তিনি মারা যান। ভুল চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।"