ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় নতুন এক উচ্চতায় পৌঁছেছেন বিটিএস তারকা ভি। গত মঙ্গলবার পর্যন্ত তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫০ লাখে। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার পুরুষ তারকাদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেন তিনি।
বিশ্বের পুরুষ পপ তারকাদের তালিকায় অনুসারীর দিক থেকে ভির অবস্থান এখন দ্বিতীয়। এই তালিকায় তাঁর আগে রয়েছেন কেবল কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার।
২০২১ সালের ডিসেম্বরে ভি তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চালু করেন। অ্যাকাউন্ট খোলার মাত্র ৪৩ মিনিটের মধ্যে তাঁর অনুসারীর সংখ্যা ১০ লাখে পৌঁছায়। এরপর পাঁচ ঘণ্টারও কম সময়ে তিনি এক কোটি অনুসারী অর্জন করেন। এই দুটি অনন্য কীর্তির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান ভি, যা এখনো তাঁর দখলে রয়েছে।
গত মাসে বিটিএসের ওয়ার্ল্ড ট্যুর ‘আরিরাং’ চলাকালে ফ্রান্সের প্যারিসে ফ্যাশন ব্র্যান্ড সেলিনের প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন ভি। ওই অনুষ্ঠানে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ২ কোটি ২০ লাখ (২২ মিলিয়ন) ইন্টারঅ্যাকশন তৈরি হয়।
আগামী সপ্তাহে পুনরায় প্যারিসে ফিরবেন ভি। সেখানে বিটিএস ‘আরিরাং’–এর ইউরোপ পর্বের শেষ কনসার্টটি সম্পন্ন করবে। এরপর দলটি উত্তর আমেরিকার বিভিন্ন শহরে সফর শুরু করার কথা রয়েছে।