প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে সকাল থেকে রাজধানীর নিউমার্কেটের সব দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে ওই এলাকার বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। আজ দুপুরে তিনি মুক্তকণ্ঠকে বলেন, "গত রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই সকাল থেকে নিউমার্কেটের দোকানপাট খোলা হয়নি। আপাতত সব দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ। এ ছাড়া কোনো ক্রেতাকেও আসতে দেখা যায়নি। আবার নিরাপত্তার স্বার্থে ডিপিডিসি নিউমার্কেটে বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিয়েছে।"
তিনি আরও জানান, "আগামীকাল সোমবার পরিস্থিতি বুঝে দোকানপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
এদিকে গত রাত থেকে চলা বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন নগরবাসী। এই পরিস্থিতিতে পুলিশ কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আজ অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
অন্যদিকে, আজ সকালে মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, মিরপুর, তেজগাঁও এবং বিমানবন্দর এলাকার হজ ক্যাম্প বাজারসহ বিভিন্ন স্থানে দেখা গেছে, কিছু দোকানপাট বন্ধ থাকলেও যেগুলো খোলা ছিল সেখানে ক্রেতার উপস্থিতি ছিল খুবই সামান্য।