সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার ঘুষিতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাত আটটার দিকে বিয়ানীবাজারের বিবিরাই বাজারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আলী হোসেন (৩৮) বিবিরাই পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং ওই বাজারে তাঁর ব্যবসা ছিল। অভিযুক্ত ক্রেতা শাহিনুর রহমান (৩৩)-ও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে ও পুলিশ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, শনিবার রাতে ডিজেল কেনার জন্য আলী হোসেনের দোকানে যান শাহিনুর রহমান। সেই সময় আলী হোসেন তাঁর কাছে আগের বকেয়া টাকা দাবি করেন। এই বিষয় নিয়ে প্রথমে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে শাহিনুর ঘুষি মারলে তা আলী হোসেনের নাকে লাগে এবং তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে। স্থানীয় লোকজন দ্রুত আহত আলী হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি আরও বলেন, "নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"






