রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি বাসের ওপর কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ রোববার সকালে টানা বৃষ্টির মধ্যে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক বিন আতিক মুক্তকণ্ঠকে বলেন, “গাছটি বেশ পুরোনো। টানা বৃষ্টির কারণে গাছটির শিকড় নরম হয়ে গিয়েছিল। এ কারণে গাছটি উপড়ে বাসের ওপর পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি দ্রুত সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের তথ্য অনুযায়ী, বাসটি মিরপুর রুটে কর্মকর্তা ও কর্মচারীদের আনা-নেওয়ার জন্য ব্যবহৃত হয়। আজ সকাল আটটার দিকে কর্মকর্তা-কর্মচারীদের নামিয়ে শহীদ মিনারের সামনে বাসটি রাখা হয়েছিল। বাসের পাশেই ছিল পুরনো কৃষ্ণচূড়া গাছটি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মতে, বৃষ্টির সময় হঠাৎ গাছটি উপড়ে বাসের ওপর পড়ে। ঘটনার সময় ভেতরে কেউ না থাকায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে, তবে গাছের আঘাতে বাসটির মাঝামাঝি অংশ দুমড়েমুচড়ে গেছে।
দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি কেটে সরানোর কাজ শুরু করেন। পরিবহন দপ্তর জানিয়েছে, গাছটি সরিয়ে বাসটি মেরামতের জন্য সার্ভিস সেন্টারে পাঠানো হবে।
এদিকে, ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আলী উল আজিম। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।”
উল্লেখ্য, গতকাল শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ ভোরে মুষলধারে রূপ নেয় এবং বর্তমানেও বৃষ্টি অব্যাহত রয়েছে।






