বর্ষীয়ান রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে পরিচিত জমির উদ্দিন সরকারের মৃত্যু সম্পর্কে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ ভোর ৪টার দিকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জমির উদ্দিন সরকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসলে তিনি প্রথমে ভূমি প্রতিমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০১ সালে বিএনপি আবারও ক্ষমতায় ফিরলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।
শায়রুল কবির খান আরও জানান, প্রয়াত জমির উদ্দিন সরকারের জানাজা তিন দফায় অনুষ্ঠিত হবে। প্রথমে ধানমন্ডির তাকওয়া মসজিদে, পরে হাইকোর্টে এবং শেষে জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার সময়সূচি পরে জানানো হবে।