টানা পাঁচ দিনের বিরতির পর আগামীকাল রোববার থেকে পুনরায় চালু হতে যাচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল। ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম নগরের শমসের পাড়া এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় এই সেবা বন্ধ ছিল। শনিবার বিকেলে রেললাইন থেকে পানি সরে যেতে শুরু করায় ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় মুক্তকণ্ঠকে জানান, "এখন রেললাইন ট্রেন চলাচলের জন্য উপযোগী করা হচ্ছে। আগামীকাল থেকে ট্রেন চলাচল শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

গত ৪ জুলাই মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে ভারী বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টির ফলে মঙ্গলবার নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া পর্যন্ত রেলপথ দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে পানি নেমে গেলেও শমসের পাড়ায় দীর্ঘক্ষণ পানি জমে ছিল।

রেলপথ তলিয়ে যাওয়ার কারণে মঙ্গলবার দুপুরের পর থেকেই কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই দিন দুপুরে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস সুন্নিয়া মাদ্রাসা এলাকায় আটকা পড়লে সেটিকে প্রথমে ষোলশহর স্টেশনে এবং পরবর্তীতে রাতে চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে আনা হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার মধ্যরাতে পর্যটক এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়।

চালু হওয়ার অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম জনপ্রিয় রুটে পরিণত হয়েছে কক্সবাজার রেললাইন। এই রুটে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে, যার মধ্যে দুই জোড়া চট্টগ্রাম এবং দুই জোড়া ঢাকা থেকে কক্সবাজারে যাতায়াত করে। প্রতিদিন গড়ে ৮–৯ হাজার যাত্রী এই রুটে যাতায়াত করেন, যার মধ্যে ঢাকা থেকে চলাচল করা বিরতিহীন ট্রেনগুলোতে যাত্রীর চাপ সবচেয়ে বেশি থাকে।