ব্যবহারকারীদের জন্য পরিচিত ব্যক্তিদের অনলাইন সক্রিয়তা আরও সহজে জানার সুবিধার্থে নতুন ফিচার আনতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই সুবিধাটি চালু হলে কোনো পরিচিত ব্যক্তি অনলাইনে থাকলে তাঁর প্রোফাইল ছবিতে একটি ছোট সবুজ বিন্দু প্রদর্শিত হবে। ফলে বর্তমানে যেভাবে ‘অনলাইন’ লেখা দেখে নিশ্চিত হতে হয়, তার প্রয়োজন হবে না; একনজরেই বোঝা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি তখন সক্রিয় আছেন। বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ ব্যবহারকারীদের মাধ্যমে এই ফিচারের কার্যকারিতা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
নতুন এই ব্যবস্থার ফলে পরিচিত ব্যক্তিদের অনলাইন অবস্থা জানতে আলাদাভাবে তাঁদের চ্যাটবক্সে প্রবেশ করার প্রয়োজন পড়বে না। ব্যবহারকারী অনলাইনে থাকলে তাঁর প্রোফাইল ছবির নিচের ডান পাশে একটি সবুজ বিন্দু দেখা যাবে এবং অফলাইনে গেলে সেটি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। তবে পরীক্ষামূলকভাবে এই সুবিধা ব্যবহারকারী ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে সবুজ বিন্দুটি শুধু কন্ট্যাক্ট ইনফো পেজে দেখা যাচ্ছে। ফলে চ্যাট তালিকা বা ‘চ্যাটস’ ট্যাবে কোনো পরিবর্তন আসেনি এবং তা আগের মতোই রয়েছে।
গোপনীয়তার বিষয়ে সতর্ক করে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্রাইভেসি সেটিংসের মাধ্যমে যারা নিজেদের অনলাইন উপস্থিতি লুকিয়ে রাখেন, তাঁদের ক্ষেত্রে এই ফিচারের কোনো প্রভাব পড়বে না। কোনো ব্যবহারকারী যদি নির্দিষ্ট ব্যক্তি বা সবার কাছ থেকে নিজের অনলাইন অবস্থা গোপন রাখতে চান, তবে তাঁর প্রোফাইলে সবুজ বিন্দু দেখা যাবে না। অর্থাৎ, অনলাইন অবস্থা প্রদর্শনের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ব্যবহারকারীর হাতেই থাকবে।
সাধারণত নতুন কোনো সুবিধা সবার জন্য উন্মুক্ত করার আগে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর পরীক্ষা করে থাকে হোয়াটসঅ্যাপ। ধারণা করা হচ্ছে, পরীক্ষার পর খুব শীঘ্রই ধাপে ধাপে এই সুবিধাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।






