সাতক্ষীরা সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি মাছের ঘের থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কুলপোতা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ১২ বছর বয়সী আবদুর রহমান কুলপোতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। গত বুধবার সকাল থেকে সে নিখোঁজ ছিল বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আবদুর রহমানের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছিল পাঁচ বছর আগে। এরপর তার মা অন্যত্র বিয়ে করায় সে তার খালা শেফালি খাতুনের কাছেই থাকত। বুধবার সকালে শেফালি খাতুন তাঁর স্বামীকে নিয়ে সাতক্ষীরা শহরে চিকিৎসকের কাছে যান। বাড়ি ফিরে তিনি আবদুর রহমানকে পাননি। এরপর আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শেফালি খাতুন বলেন, "আজ সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি মাছের ঘেরে আবদুর রহমানের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।"
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তিনি আরও বলেন, "ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"






