বৈরী আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার এইচএসসি পরীক্ষার পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামীকাল শনিবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এর ফলে ওইসব জেলার আলিম ও এইচএসসি বিএমটি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৫ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে ৭ জুলাই চট্টগ্রামে ৪৩ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৫ জুলাই থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোট ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলা প্লাবিত হয়েছে এবং পাহাড়ধসে এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।