খুলনার পুরোনো জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়েছেন ইমন মাঝি (৩০) নামের এক হাজতি। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
নগরের সোনাডাঙ্গা মডেল থানার একটি চুরি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৩ জুন থেকে কারাগারে বন্দি ছিলেন ইমন। তাঁর পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সতর্ক সংকেত হিসেবে কারাগারের ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয় এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
পলাতক ইমন নগরের লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলার মোড় এলাকায় জিয়ার বাড়ির ভাড়াটে আবদুল মাঝির ছেলে।
ঘটনাটি নিশ্চিত করে খুলনা কারাগারের সুপার আবু ছায়েম বলেন, "ইতিমধ্যে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।"
কারাগার সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে আইনজীবী সমিতি-সংলগ্ন পুরোনো জেলা কারাগারের পূর্ব দিকের দেয়াল টপকে আইনজীবী সমিতির দিকে পালিয়ে যান ইমন মাঝি। পুরো ঘটনাটি কারাগারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
সিসিটিভি ফুটেজ প্রসঙ্গে সুপার আবু ছায়েম জানান, "সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ইমন কোনো কিছুর সহযোগিতা ছাড়াই লাফিয়ে লাফিয়ে দেয়াল টপকে পালিয়ে যান। তাঁকে ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।"
তিনি আরও জানান, এই ঘটনার পর থেকে কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।






