মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরীর (মনি) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য প্রদান করেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, "মধ্যপ্রাচ্য যুদ্ধে এ পর্যন্ত ১২ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ১ জনের লাশ সংশ্লিষ্ট দেশে দাফন করা হয়েছে এবং ৯ জনের লাশ দেশে ফেরত আনা হয়েছে, তাঁদের পরিবারকে লাশ দাফন বাবদ বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।"

নিহতদের মধ্যে লেবাননে ৫ জন, সৌদি আরবে ৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ জন এবং ইরাক ও বাহরাইনে ১ জন করে মৃত্যুবরণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, রাশিয়ায় বাংলাদেশি কর্মীদের পরিস্থিতি নিয়ে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ২৪ এপ্রিল ৩০ জন বাংলাদেশি কর্মী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে রাশিয়ায় যান। সেখানে ওই কর্মীদের জোরপূর্বক যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং ক্যাম্প থেকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর সরকার পদক্ষেপ নেয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে বিপদগ্রস্ত কর্মীদের উদ্ধার করে দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়।

আরিফুল হক চৌধুরী বলেন, "সর্বশেষ প্রাপ্ত তথ্যে ৩০ জনের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।"

রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনার আশা করছে সরকার।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের বিষয়ে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত এপ্রিল মাসে দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে এবং সম্প্রতি প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করেছেন। আগামী জুলাই মাসে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে, যার ফলে অতি দ্রুত দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আবদুল গফুরের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিএমইটির সার্ভারের তথ্য অনুযায়ী ২০০৪ সাল থেকে গত ৩০ জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১ কোটি ৯ লাখ ১৮ হাজার ৯ জন বাংলাদেশি কর্মসংস্থানের জন্য গেছেন। তবে বিদেশফেরত কর্মীদের সঠিক তথ্য না থাকায় বর্তমানে সেখানে কর্মরত মোট কর্মীর সঠিক সংখ্যা জানানো সম্ভব হয়নি।

সংসদে অন্যান্য বিষয়ে কথা বলেন আরও দুই মন্ত্রী। গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী জানান, সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও গম কিনলেও ভুট্টা কেনে না। চলতি মৌসুমে প্রতি কেজি ৩৬ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন ধান এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৫ জুলাই পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৯১০ মেট্রিক টন ধান, ৭ লাখ ৯৭ হাজার ৫৭৮ মেট্রিক টন সেদ্ধ চাল, ৫৭ হাজার ৯৯ টন আতপ চাল ও ৫২৩ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ প্রক্রিয়া চলবে।

এছাড়া সংরক্ষিত নারী আসনে জামায়াতের দলীয় সংসদ সদস্য সাবিকুন্নাহারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২১-২৫ সাল পর্যন্ত বন্যা ও ঘূর্ণিঝড়ে ২৪৯ জন নিহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৫৩২ জন এবং মোট ক্ষতির পরিমাণ ৪১ হাজার ২০০ কোটি ৯০ লাখ ৪২ হাজার ১৯৯ টাকা।