দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গুলি করে হত্যা করা হয়েছে নোয়াখালীর আরও এক প্রবাসী ব্যবসায়ীকে। গতকাল বুধবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে শহরের মেফেয়ার এলাকার একটি বিপণিবিতানে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মো. বেলায়েত হোসেন (৪০), তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের বাসিন্দা।
এর ঠিক আগে গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে বাড়ির গেটের সামনে মো. ইয়াছিন (৪০) নামের নোয়াখালীর আরেক প্রবাসীকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এভাবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর দুই প্রবাসী ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটল।
নিহত বেলায়েত হোসেনের প্রতিবেশী মো. হানিফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বুধবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বেলায়েত হোসেনকে গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই বেলায়েতের মৃত্যু হয়।"
এদিকে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান মুক্তকণ্ঠকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রবাসী বাংলাদেশিকে হত্যার ঘটনাটি দেখেছেন। তবে তিনি আরও বলেন, "তাঁকে কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাননি।"






