দেশের ব্যাংকিং খাতে সাফল্যের নতুন এক উচ্চতায় পৌঁছেছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির এই বিশেষ বছরে রিটেইল ডিপোজিট বা খুচরা আমানতের ক্ষেত্রে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি।

ব্যাংকটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিটের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা। গত চার বছরের ব্যবধানে ব্যাংকটির এই খাতের আমানত প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের জুন মাসে রিটেইল খাতে আমানতের পরিমাণ ছিল ১৭ হাজার ৫১৪ কোটি টাকা, যা চার বছরের ব্যবধানে ৫০ হাজার ৩২৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। শুধুমাত্র গত এক বছরেই এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩৮ শতাংশ।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশজুড়ে ব্র্যাক ব্যাংকের বিস্তৃত শাখা ও উপ-শাখা নেটওয়ার্ক এই বিশাল অর্জনে প্রধান ভূমিকা পালন করেছে। পাশাপাশি ব্যাংকটির রিটেইল সেলস ও এজেন্ট ব্যাংকিং চ্যানেলগুলো আমানত সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

এই উল্লেখযোগ্য সাফল্য প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করা আমাদের জন্য অত্যন্ত গর্বের।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের এ অর্জন ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং আরও বেশি মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন। গ্রাহকদের আস্থা এবং দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত আমাদের সহকর্মীদের নিরলস প্রচেষ্টাই এই সাফল্যের মূল ভিত্তি।’

বর্তমানে শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, আধুনিক ডিজিটাল ব্যাংকিং এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় রিটেইল ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে ব্র্যাক ব্যাংক। রজতজয়ন্তীর এই বছরে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং টেকসই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে ব্যাংকটি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।