চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন আবদুল আলম (৩২) নামে এক যুবদল কর্মী। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সওদাগর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আবদুল আলম ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাছনি বরবাড়ী এলাকার বাসিন্দা এবং দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভোরে তিনি নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিখোঁজের বড় ভাই নুরুল আলম জানান, ‘আবদুল আলমসহ চার বন্ধু ভোরে নৌকা নিয়ে সাঙ্গু নদে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সকাল আটটার দিকে তাঁর দুই বন্ধু এসে জানান, কাঠ সংগ্রহ করতে গিয়ে অসাবধানবশত তিনি নদের পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। এরপর নৌকায় থাকা অন্য তিনজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।’
এদিকে পাহাড়ি ঢলে সাঙ্গু নদের পানি বর্তমানে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। নদ-নদীর পানি বাড়ায় উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান দুপুরে বলেন, যুবদল কর্মী নিখোঁজের ঘটনা তাঁকে কেউ জানাননি। তবে তাঁরা এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছেন। আজ বেলা তিনটা পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।






