হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ের মধ্যে এই দুই শিশুর মৃত্যু ঘটে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৬৫৪ শিশু এবং নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ১৯৮ রোগীর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
হাসপাতালের তথ্যে দেখা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯২ হাজার ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৮ হাজার ৪১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গে যে দুই শিশু মারা গেছে, তাদের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা।






