নিজেদের কমিউনিটি গাইডলাইন বা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে চলতি বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে চীনের জনপ্রিয় ভিডিও-নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি।

টিকটকের দেওয়া তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মুছে ফেলা ভিডিওগুলোর মধ্যে ৯৪ দশমিক ৪ শতাংশই প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলা হয়েছে।

প্ল্যাটফর্মটির সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে নীতিমালা লঙ্ঘনের দায়ে মোট ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও মুছে ফেলা হয়েছে। এটি প্ল্যাটফর্মটিতে আপলোড করা মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। এর মধ্যে ১৭ কোটি ৮০ লাখ ১৪ হাজার ১৫৪টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়েছিল। তবে যাচাই-বাছাইয়ের পর ৮৮ লাখ ৩৮ হাজার ৭১০টি ভিডিও পুনরায় ফিরিয়ে আনা হয়েছে।

নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে এই সময়ে টিকটকের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন থেকে ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮টি মতামত মুছে ফেলা হয়েছে। এছাড়া ৮ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৭০৫টি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সীদের ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৩৭২টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

টিকটকের বিশ্লেষণ অনুযায়ী, মুছে ফেলা ভিডিওগুলোর ১৮ দশমিক ৬ শতাংশে সংবেদনশীল বিষয়বস্তু ছিল, যা তাদের কনটেন্ট নীতিমালার পরিপন্থী। এছাড়া ১২ দশমিক ৬ শতাংশ ভিডিও নিরাপত্তা ও সামাজিক আচরণবিষয়ক নীতিমালা লঙ্ঘন করেছে।