গাজীপুর সাফারি পার্কে দেড় মাস ধরে চিকিৎসাধীন রয়েছে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হাতি ‘রাজু বাহাদুর’। অন্য একটি হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হাতিটির চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আনা হয়েছে।
সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন মুক্তকণ্ঠকে বলেন, "হাতিটির একটি পা ভেঙে গেছে। অন্য একটি পায়েও আঘাত আছে। বর্তমানে সে দাঁড়াতে পারছে না। থাইল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞ দল ও দেশের কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সাফারি পার্কের হাতিশালায় তার চিকিৎসা চলছে। এ ছাড়া শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে। হাতিটির বর্তমান শারীরিক অবস্থা ভালো নয়।"
বন বিভাগের একটি সূত্র অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট নারায়ণগঞ্জ থেকে ‘রাজু বাহাদুর’ নামের এই হাতিটিকে উদ্ধার করা হয়। মো. আতিকুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন এই হাতিটি রাস্তায় ও বিভিন্ন বাজারে চাঁদাবাজির কাজে ব্যবহৃত হতো। খবর পেয়ে বন বিভাগ হাতিটিকে উদ্ধার করে সাফারি পার্কের হাতিশালায় নিয়ে আসে। ১০ বছরের বেশি বয়সী এই হাতিটি বর্তমানে গুরুতর অসুস্থ।
পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ মে হাতিশালায় থাকা অবস্থায় অন্য একটি হাতি ‘রাজু বাহাদুর’-এর ওপর আক্রমণ করে। সেই ধাক্কায় সে মাটিতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পায়। ঘটনার পর একটি ক্রেন ব্যবহার করে হাতিটিকে তুলে বালুর ওপর রাখা হয়।
চিকিৎসকেরা এক্স-রে করার পর নিশ্চিত করেছেন যে, অন্য হাতির আক্রমণে পড়ে যাওয়ার কারণে ‘রাজু বাহাদুর’-এর পা ভেঙে গেছে। আহত হাতিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্য প্রাণী চিকিৎসক দল আনা হয়।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান হাতিটির চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ‘রাজু বাহাদুর’সহ সাফারি পার্কে মোট ১০টি হাতি রয়েছে।






