গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে মোবাইল জার্নালিজমের নামে কোনো ধরনের অনুমোদনহীন, অপেশাদার কিংবা অনৈতিক কার্যক্রম সমর্থন করে না সরকার।
বুধবার জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।
সংসদে তথ্যমন্ত্রী আরও জানান, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবিত সংশোধনীর মধ্যে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা এবং মিথ্যা, হয়রানিমূলক ও নীতিনৈতিকতাবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকর বিধান অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এছাড়া গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য কিংবা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলের স্বতঃপ্রণোদিত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়ার প্রস্তাবও রয়েছে।
সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, "পরিবর্তিত প্রযুক্তিগত পরিবেশ, ডিজিটাল সম্প্রচার ব্যবস্থার বিকাশ, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারসংক্রান্ত নীতিমালা পর্যালোচনাসহ প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধনের বিষয়টি সরকার বিবেচনায় রেখেছে।"
অন্যদিকে, সংরক্ষিত আসনের সদস্য আরিফা সুলতানার প্রশ্নের উত্তরে জহির উদ্দিন জানান, পডকাস্ট, ব্লগিং এবং ইনফ্লুয়েন্সারভিত্তিক ডিজিটাল কনটেন্টসমূহের বিষয়বস্তু, প্রচার ও প্রকাশের ক্ষেত্রে প্রচলিত আইন, বিধিবিধান এবং নীতিমালার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ডিজিটাল মাধ্যমের দ্রুত বিকাশ ও প্রযুক্তিগত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে মতপ্রকাশের স্বাধীনতা ও জনস্বার্থের ভারসাম্য রক্ষা করে একটি যুগোপযোগী নীতিগত কাঠামো প্রণয়নের বিষয়টি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে।
যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে মোট ৩ হাজার ৩৩৮টি নিবন্ধিত পত্রিকা রয়েছে। এর মধ্যে দৈনিক পত্রিকা ১ হাজার ৪৩৬টি, সাপ্তাহিক ১ হাজার ২৩১টি, মাসিক ৪৫২টি, পাক্ষিক ২১৫টি এবং অর্ধসাপ্তাহিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক পত্রিকার সংখ্যা ৫৪টি।
একই অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, দেশের বিভিন্ন অঞ্চলে ৮৪টি শিল্পনগরী বাস্তবায়ন করা হয়েছে। এসব শিল্পনগরীতে মোট ১৩ হাজার ৩৬৪টি শিল্পপ্লট রয়েছে, যার মধ্যে ১১ হাজার ৬৮৭টি প্লটে ৬ হাজার ৩৫৮টি শিল্পপ্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।






