বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও মিসরের ম্যাচ ঘিরে উত্তেজনার জেরে এক ব্রাজিল সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে এক আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাঁটাছাড়া ইউনিয়নের তেতৈয়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, পাড়ার একটি দোকানে কয়েকজন মিলে আর্জেন্টিনা-মিসর ম্যাচটি দেখছিলেন। খেলা শুরুর পর মিসরের খেলোয়াড় আর্জেন্টিনার জালে গোল করলে উল্লাস করেন ব্রাজিলের এক সমর্থক। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে পেটানোর অভিযোগ আনা হয়েছে এক আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে।

আহত ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু (৩৫) তেতৈয়া এলাকার বাসিন্দা। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা ইরফান উদ্দিন জানান, আর্জেন্টিনার জালে গোল করা নিয়ে উল্লাস করায় মিঠুর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান সেখানে উপস্থিত আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব (২০)। এরপর বিষয়টি মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে সাকিব কাঠের টুকরা দিয়ে মাঈনুদ্দিনের ডান চোখের ওপরে আঘাত করেন, এতে তাঁর মুখ থেকে রক্ত ঝরতে থাকে। পাল্টা ঘুষিতে সাকিবও মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ সাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজু সিংহ মুক্তকণ্ঠকে জানান, রাতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারিতে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। তাঁর ডান চোখের ওপরে পাঁচ সেন্টিমিটার লম্বা এবং পাশে দুই সেন্টিমিটার ও এক সেন্টিমিটারের গভীর ক্ষত ছিল। ডান চোখের কোনায় আঘাত ও ফোলা ছিল।

চিকিৎসক রাজু সিংহ আরও বলেন, ‘আঘাত দেখে ধারণা করা হচ্ছে, লাঠি বা কাঠের টুকরা দিয়ে তাঁকে আঘাত করা হয়েছে। আঘাত পাওয়ার পর বেশ কয়েকবার বমি করায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’