ইনবক্সে জমে থাকা অসংখ্য ই-মেইলের মধ্য থেকে প্রয়োজনীয় বার্তা খুঁজে পেতে এখন আর সার্চ বক্সে কি-ওয়ার্ড লিখে খোঁজার ঝামেলা পোহাতে হবে না ব্যবহারকারীদের। গুগল তাদের জনপ্রিয় ই-মেইল সেবা জিমেইলে যুক্ত করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ফিচার ‘জেমিনি লাইভ’। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষায় কথা বলে খুব সহজেই প্রয়োজনীয় ই-মেইল বা তথ্য খুঁজে বের করতে পারবেন। বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ফিচারটি পরীক্ষামূলকভাবে যাচাই করা হচ্ছে।

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত গুগলের বার্ষিক আই/ও ডেভেলপার সম্মেলনে জিমেইলের জন্য জেমিনি লাইভ তৈরির ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। গুগলের তথ্যমতে, এই সুবিধা চালু হলে জিমেইল কেবল ই-মেইল সংরক্ষণের মাধ্যম হিসেবে নয়, বরং কথোপকথনের মাধ্যমে তথ্য খুঁজে দেওয়ার এক দক্ষ সহকারী হিসেবে কাজ করবে। ফলে নির্দিষ্ট শব্দ, প্রেরকের নাম বা বিষয় লিখে খোঁজার প্রচলিত পদ্ধতির প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে।

জেমিনি লাইভ ফিচারে দুটি ভিন্ন সুবিধা থাকছে। প্রথমটি হলো কণ্ঠনির্ভর ‘জিমেইল লাইভ’, যার মাধ্যমে ব্যবহারকারীরা কথা বলে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। দ্বিতীয়টি হলো ‘আস্ক জিমেইল’, যেখানে স্বাভাবিক ভাষায় লিখে প্রশ্ন করা যাবে। জেমিনি সেই প্রশ্ন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ই-মেইল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে দেবে। জিমেইলের সার্চ বক্স থেকেই এই দুটি সুবিধা ব্যবহার করা যাবে। সার্চ বক্সে ট্যাপ করলে ‘আস্ক জিমেইল’ এবং সেখানে থাকা জেমিনি লাইভ আইকনে ট্যাপ করলে কণ্ঠনির্ভর সুবিধাটি সক্রিয় হবে।

জিমেইল লাইভে প্রবেশ করলে ব্যবহারকারীরা জেমিনি লাইভের পরিচিত ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে কিছু নমুনা প্রশ্নও দেওয়া থাকবে। ব্যবহারকারী স্বাভাবিক ভাষায় প্রশ্ন করলে জেমিনি সংশ্লিষ্ট ই-মেইল বিশ্লেষণ করে লিখিত ও কণ্ঠ—উভয় মাধ্যমেই উত্তর প্রদান করবে এবং তথ্যের উৎস হিসেবে সংশ্লিষ্ট ই-মেইলটি প্রদর্শন করবে। গুগল জানিয়েছে, ধাপে ধাপে গুগল এআই প্রো ও গুগল এআই আলট্রা গ্রাহকদের জন্য জিমেইল লাইভ উন্মুক্ত করা হবে।