সিলেটে নিজেদের সেবার পরিধি আরও বিস্তৃত করে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করল রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার। এর আগে উবার মোটো ও উবার রেন্টালস চালু থাকলেও, এবার পূর্ণাঙ্গ কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে উবার বাংলাদেশ। গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে সিলেট শহরের বাসিন্দা এবং পর্যটকরা এখন উবার অ্যাপের মাধ্যমে সব ধরনের রাইড সেবা খুব সহজেই গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "সিলেটে উবারের এই নতুন পথচলা শহরের যাতায়াতব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি ব্যবসা ও পর্যটন খাতকে শক্তিশালী এবং স্থানীয় চালকদের আয়ের পথ তৈরি করবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, "উবারের যাত্রা আমেরিকায় শুরু হলেও এর সাফল্য কিন্তু স্থানীয় চালক, যাত্রী ও সাধারণ মানুষের ওপরই নির্ভর করে। আমেরিকান প্রযুক্তি স্থানীয় মানুষের প্রয়োজন মেটাচ্ছে, বাংলাদেশি চালকদের আয়ের সুযোগ করে দিচ্ছে এবং সাধারণ মানুষকে যাতায়াতের আরও বিকল্প দিচ্ছে।"

উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, "উবারের কাছে বাংলাদেশ সব সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। উবার একদিকে যেমন সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর, তেমনি চালকদের জন্য সুবিধামতো অর্থনৈতিক সুযোগ তৈরিতেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।"

উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করে উবার। রাজধানী ঢাকার পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহর ও বিভাগে সেবার পরিধি বাড়িয়ে চলেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের নগর যাতায়াতব্যবস্থার আধুনিকায়ন ও অর্থনৈতিক সুযোগ তৈরির ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই সম্প্রসারণ করা হয়েছে।