নেদারল্যান্ডসের দ্য ডাচ ডেটা প্রোটেকশন অথরিটি চালকদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে স্থগিত বা ব্লক করার অভিযোগে উবারকে ৮২ কোটি ৫০ লাখ ইউরো, যা প্রায় ৯৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, জরিমানা করেছে। ইউরোপীয় ইউনিয়নের কঠোর ডেটা প্রাইভেসি আইন লঙ্ঘনের কারণে এই জরিমানা করা হয়েছে।

দ্য ডাচ ডেটা প্রোটেকশন অথরিটির তথ্যমতে, উবার তাদের স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে চালকদের যথাযথ তথ্য জানাতে ব্যর্থ হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেজোল্যুশন মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এই বিধিমালা অনুযায়ী, সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা নিষিদ্ধ, বিশেষ করে যেখানে মানুষের জীবিকা বা অধিকার জড়িত থাকে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত এই নিয়মভঙ্গের ঘটনা ঘটে।

উবার এই জরিমানার বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, "(তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ) এমন কিছু ঐতিহাসিক নীতিমালা নিয়ে তদন্ত করেছে, যা অনেক বছর আগেই বাতিল বা বন্ধ করে দেওয়া হয়েছে। চালকদের আয় করার ক্ষমতার ওপর প্রভাব ফেলে এমন সিদ্ধান্তগুলোকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিই এবং সবার সঙ্গে ন্যায্য আচরণ নিশ্চিত করতে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।"

এটি দ্য ডাচ ডেটা প্রোটেকশন অথরিটির পক্ষ থেকে উবারকে দেওয়া চতুর্থ জরিমানা। ২০২৪ সালে ইউরোপীয় চালকদের ব্যক্তিগত তথ্য পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরের অভিযোগে উবারকে ২৯ কোটি ইউরো, প্রায় ৩২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, জরিমানা করা হয়েছিল।