মহাকাশের গভীরে বিদ্যমান মারাত্মক ক্ষতিকর কসমিক রে বা মহাজাগতিক রশ্মির প্রভাব জানতে ১৯৭২ সালে মানুষের সঙ্গে চাঁদের কক্ষপথে পাঠানো হয়েছিল পাঁচটি ইঁদুর। পৃথিবী তার চুম্বকক্ষেত্র ও বায়ুমণ্ডল দিয়ে মানুষকে এসব বিকিরণ থেকে রক্ষা করলেও মহাকাশচারীদের জন্য এই বিকিরণ বড় হুমকি হয়ে দাঁড়ায়।
গবেষণার অংশ হিসেবে ১৯৭২ সালে অ্যাপোলো ১৭ অভিযানে অংশ নিয়ে চাঁদের চারপাশে ঘুরে এসেছিল এই পাঁচটি ইঁদুর। গভীর মহাকাশের বিকিরণ পরিমাপ করতে প্রতিটি ইঁদুরের মাথার চামড়ার নিচে কসমিক রে ডিটেক্টর বসানো হয়েছিল। ১৯৭২ সালের ৭ ডিসেম্বর কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাপোলো ১৭ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয় এবং প্রায় ১৩ দিন পর ১৯ ডিসেম্বর এটি পৃথিবীতে ফিরে আসে। পুরো ফ্লাইটে ইঁদুরগুলো কমান্ড মডিউলের একটি সিলগালা পাত্রে ছিল।
বিজ্ঞানীদের তথ্যমতে, ইঁদুরগুলো ছিল প্যাসিফিক পকেট মাউস প্রজাতির, যারা পানি ছাড়াই বেঁচে থাকতে পারে। ‘বায়োকোর’ নামের এই পরীক্ষায় জীবিত কোষের ভেতর মহাজাগতিক রশ্মি কীভাবে প্রবাহিত হয় এবং রশ্মির আঘাতে সূক্ষ্ম কোনো ক্ষতি হয় কি না, তা পর্যবেক্ষণ করা হয়েছিল। এজন্য মহাকাশযাত্রার আগে প্রতিটি ইঁদুরের মাথার তালুর নিচে একটি ছোট প্লাস্টিকের ডসিমিটার বসানো হয়েছিল, যার মাধ্যমে অতি-শক্তিশালী কণা যাওয়ার তথ্য ধারণ করা হয়।
নাসা পরিচালিত এই গবেষণার প্রাথমিক উদ্দেশ্য ছিল এই কণা দৃশ্যমান ক্ষত তৈরি করে কি না, তা দেখা। মহাকাশে পাঠানো পাঁচ ইঁদুরের সঙ্গে পৃথিবীতে আরও পাঁচটি ইঁদুর পর্যবেক্ষণে রাখা হয়, যাতে রেডিয়েশনের কারণে হওয়া পরিবর্তনগুলো নিশ্চিত করা যায়। অ্যাপোলো ১৭ পৃথিবীতে ফেরার পর চারটি ইঁদুর জীবিত ছিল। পরে ইঁদুরগুলোর মাথার টিস্যুসহ চোখ, কান ও অভ্যন্তরীণ টিস্যু পরীক্ষা করে দেখা যায়, প্রতিটি মনিটরে গড়ে ১৬টি কণার চিহ্ন রয়েছে। এটি ইঁদুরের মাথার ভেতর কসমিক রে যাওয়ার ভৌতিক প্রমাণ দেয়।
ইঁদুরগুলোর মাথায় কিছু ক্ষত থাকলেও যন্ত্রের শনাক্ত করা সংকেতের সঙ্গে ক্ষতগুলোর সরাসরি যোগাযোগ পাওয়া যায়নি। পরবর্তী সময়ে চারটি ইঁদুরের মাথায় আরও ১৩টি ক্ষত দেখা যায়, যার মধ্যে একটি ক্ষত যন্ত্রের শনাক্ত করা সংকেতের সঙ্গে মিলেছিল।
গবেষকদের তথ্যমতে, যন্ত্রে শনাক্ত না হওয়া অন্য কণার কারণেও কিছু ক্ষত হতে পারে। তবে কসমিক রের কারণেই যে ক্ষতগুলো তৈরি হয়েছে, তা পরীক্ষায় প্রমাণ করা যায়নি। কসমিক রেডিয়েশনের বদলে পটাশিয়াম-সুপারঅক্সাইড ব্যবস্থার চাপের কারণেও এমনটি হতে পারে। ফলে মহাকাশের অনেক পরিবেশগত উপাদানও প্রাণীকে প্রভাবিত করতে পারে। পৃথিবীর সুরক্ষার বাইরে মানুষ পাঠাতে এই গবেষণা অত্যন্ত দরকারি ছিল।