দেশের বাজারে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপের নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ নিয়ে আসার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি। এর ফলে একবার পূর্ণ চার্জ দিলে টানা ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা সম্ভব। দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে রয়েছে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং–সুবিধা, যা ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে ব্যবহারকারীর দুশ্চিন্তা কমাবে। এছাড়া ফোনটির ব্যাটারি ছয় বছর পর্যন্ত ভালো থাকবে বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৮৩ ইঞ্চি অ্যামোলেড পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটির পর্দার উজ্জ্বলতা সর্বোচ্চ ৫০০০ নিটস হওয়ার পাশাপাশি আই প্রটেকশন মোড থাকায় দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না।
অরিজিন ওএস৬ অপারেটিং সিস্টেমে চালিত এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। বিশেষ ফিচার হিসেবে এতে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও অ্যান্টিড্রপ–সুবিধা যুক্ত করা হয়েছে, যার ফলে পানির নিচে ছবি তোলা যাবে এবং হাত থেকে পড়ে গেলেও ফোনের ক্ষতির ঝুঁকি কম থাকবে। এছাড়া এআই ইরেজ ২.০, এআই রিটাচ ও চেঞ্জ স্কাই–সুবিধার মাধ্যমে সহজেই ছবি ও ভিডিও সম্পাদনা করা যাবে।
৬ গিগাবাইট র্যামের এই ফোনটি ১২৮ ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। সংস্করণভেদে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩৬ হাজার ৯৯৯ টাকা ও ৪৩ হাজার ৯৯৯ টাকা। বর্তমানে ফোনটির আগাম ফরমাশ বা প্রি-অর্ডার করলে গ্রাহকরা বিভিন্ন উপহার পাবেন। পাশাপাশি বাড়তি কোনো খরচ ছাড়াই ৯ মাসের কিস্তিতে ফোনটি কেনার সুযোগ দিচ্ছে ভিভো বাংলাদেশ।






