চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ফায়াজ তাজরিয়ান (২৬) নামে এক এনসিপি নেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়কের জিইসি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফায়াজ এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য এবং হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফায়াজ নিজের মোটরসাইকেল চালিয়ে নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে কাজীর দেউড়ি যাচ্ছিলেন। সেখানে বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা বনাম মিসরের ফুটবল ম্যাচ দেখার কথা ছিল তাঁর। পথিমধ্যে উড়ালসড়কের জিইসি মোড় এলাকায় পৌঁছালে একটি বিকল কাভার্ড ভ্যানের পেছনে তাঁর মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে দিবাগত রাত দুইটার দিকে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় উড়ালসড়কের সড়কবাতিগুলো বন্ধ থাকায় চারপাশ অন্ধকার ছিল। ফলে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটি দেখতে না পেয়েই এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় আজ বুধবার সকালে মুক্তকণ্ঠকে বলেন, ‘মোটরসাইকেলে করে বড় পর্দায় খেলা দেখতে যাচ্ছিলেন তাজরিয়ান। রাতে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। পাশাপাশি বিদ্যুৎ থাকা সত্ত্বেও ফ্লাইওভারের লাইটও বন্ধ ছিল। যার কারণে বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটি ফায়াজ দেখতে পাননি।’
দলীয় সূত্রে জানা গেছে, আজ হাটহাজারীর গ্রামের বাড়িতে ফায়াজের দাফন সম্পন্ন হবে। রিদুয়ান হৃদয় আরও বলেন, ফায়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। গতকাল মঙ্গলবার দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে স্লোগানও দিয়েছিলেন তিনি।






