কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে (ক্যাম্প-৩) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি হাসপাতাল পরিদর্শনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় ফারহানা হক (২৯) নামের এক নারী প্রকৌশলী প্রাণ হারিয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আশ্রয়শিবিরের এ-১১ ব্লকে অবস্থিত ওই হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা এবং আইওএম-এর ফিল্ড প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনা প্রসঙ্গে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "হাসপাতালের কার্যক্রম পরিদর্শনের সময় চলন্ত জেনারেটরের সঙ্গে ফারহানা হকের ওড়না পেঁচিয়ে যায়। ওড়না ছাড়াতে গিয়ে তাঁর মাথার চুলও জেনারেটরে আটকে যায়। এতে তিনি গুরুতর আহত হন।"

ওসি আরও জানান, হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

মরদেহ হস্তান্তরের বিষয়ে ওসি জানান, "পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।" সন্ধ্যা পর্যন্ত মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছিল।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আতিকুর রহমান বলেন, "জেনারেটরের সঙ্গে ওই প্রকৌশলীর ওড়না কীভাবে পেঁচিয়ে গেল এবং জেনারেটরে কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।"