রাজধানীর কলাবাগানে নিজ বাসায় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায় (৭১)। আজ সোমবার সকালে কলাবাগানের ১৮৮, গ্রিন রোডের বাসায় এই ঘটনা ঘটে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর প্রতিবেশীদের সহায়তায় তাঁকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সোয়া নয়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালী রায়, যিনি একজন স্কুল শিক্ষিকা, কর্মস্থলে ছিলেন এবং তাঁর মেয়ে ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

এসআই আতিকুর রহমান বলেন, "ধীরেন্দ্র কুমার রায় ২০২৫ সাল থেকে মানসিক সমস্যাসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। তিনি আগে নটরডেম কলেজের শিক্ষক ছিলেন।"

মৃত ধীরেন্দ্র কুমার রায়ের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার ৭১/১, বনগ্রাম আবাসিক এলাকায়।