যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে—এমন অভিযোগ তুলে পাল্টা সামরিক অভিযানের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, তাদের বাহিনী ধারাবাহিক শক্তিশালী হামলা শুরু করেছে। সেখানে বলা হয়, “একটি আন্তর্জাতিক জলপথে নিরীহ বেসামরিক নাবিক বোঝাই বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার পরিপ্রেক্ষিতে ইরানকে কঠোর মূল্য দিতে হামলা চালানো হচ্ছে।”
এক্সে দেওয়া ওই পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার জবাবে মার্কিন হামলা চালানো হয়েছে। মার্কিন বাহিনীর দাবি, ইরানের এই আগ্রাসন ছিল “অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন”। তবে ইরানে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সেন্টকম।
অন্যদিকে, আল-জাজিরার এক প্রতিবেদনে ইরানি সংবাদমাধ্যম ফারসের বরাত দিয়ে জানানো হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক ও কেশমের এলাকার কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎসস্থল ও কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
এর আগে গত সোমবার ওমান উপকূলের অদূরে হরমুজ প্রণালিতে অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত লাগার খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা এবং একটি স্থায়ী শান্তিচুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা চলাকালীন এই উত্তেজনা তৈরি হলো।
এদিকে, যুদ্ধ বন্ধে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে গত ১৮ জুন একটি সমঝোতা স্মারক সই করেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই সমঝোতার ১০ নম্বর শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, দেশটির জ্বালানি তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞায় ‘অস্থায়ী ছাড়’ বাতিল করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের ১০ নম্বর শর্তের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “সমঝোতা স্মারক সইয়ের ২০ দিনেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র শর্তের সুষ্পষ্ট লঙ্ঘন করল। এতে প্রমাণ হয়, মার্কিন প্রশাসনকে কখনোই বিশ্বাস করা যায় না।”






