চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪৩ বছরের মধ্যে জুলাই মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিমাণ বৃষ্টি হয়েছে। একই সময়ে চট্টগ্রামের আমবাগানে ৩৪৪ মিলিমিটার এবং সীতাকুণ্ডে ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এই পরিস্থিতি ব্যাখ্যা করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, "১৯৮৩ সালের জুলাই মাসে চট্টগ্রামে ৪০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তারপর আজই চট্টগ্রামে জুলাই মাসে এত বৃষ্টি হলো।"
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যে জানা গেছে, আজ দেশজুড়ে বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায় ১৪৩ মিলিমিটার এবং পটুয়াখালীর খেপুপাড়ায় ১০৬ মিলিমিটার। এছাড়া ফেনীতে ৯১ মিলিমিটার, কক্সবাজারে ৭৮ মিলিমিটার, কক্সবাজারের টেকনাফে ৯৪ মিলিমিটার এবং পটুয়াখালীতে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানী ঢাকায় আজ বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৬ মিলিমিটার।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আরও জানান, "আজ সারা দেশে এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। চট্টগ্রামেও এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে।"
আবহাওয়া অধিদপ্তরের জানানো, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর প্রবল অবস্থায় আছে।






