যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তিপূর্ণ সম্পর্ক নেই বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ওয়াশিংটনকে অবিশ্বস্ত আখ্যা দিয়ে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

গত রোববার তেহরানে হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ দারবিশের সঙ্গে এক বৈঠকে গালিবাফ এসব কথা বলেন। বৈঠকে তিনি জানান, ইরান মুসলিম বিশ্ব ও প্রতিরোধ অক্ষের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে। প্রয়োজনে ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং রাজনৈতিক সমর্থন দেওয়ার কথা জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গে গালিবাফ বলেন, ইরান আলোচনায় চূড়ান্ত কিছু সীমারেখা টেনে দিয়েছে। আলোচনার পুরোটা সময় তা বজায় রাখা হয়েছে। চূড়ান্ত সীমার মধ্যে প্রতিরোধ অক্ষ ও লেবাননও ছিল। পাশাপাশি গাজা যুদ্ধবিরতি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার প্রতিশ্রুতি দেন তিনি।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়ে গালিবাফ বলেন, "কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরান তার মূল দাবি থেকে সরে আসেনি।"

তিনি আরও জানান, ওই দাবির মধ্যে ছিল ইরানের আঞ্চলিক মিত্র এবং প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করা, যা সমঝোতা স্মারকে মেনে নিতে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে।

সামরিক প্রস্তুতি ও কূটনীতির গুরুত্ব উল্লেখ করে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, শক্ত অবস্থানে থেকে আলোচনা চালাতে পূর্ণ সামরিক প্রস্তুতি অপরিহার্য। কারণ, ইরানের প্রতিরোধ সক্ষমতায় কোনো দুর্বলতা দেখলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও যুদ্ধের পথ বেছে নেবে। তিনি জোর দিয়ে বলেন যে সামরিক অর্জনগুলোকে রক্ষা করতে এবং সেগুলোকে দীর্ঘস্থায়ী রূপ দিতে কূটনীতিকে অবশ্যই যথেষ্ট সক্ষম ও শক্তিশালী হতে হবে।