দেশের আদালতগুলোতে মামলার জট ও বিচারিক কার্যক্রমের সর্বশেষ চিত্র জাতীয় সংসদে তুলে ধরেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশের আদালতগুলোতে ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন রয়েছে। তবে গত এক বছরে উচ্চ আদালতে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে।
আজ মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
আইনমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ২১ হাজার ৬৫২টি দেওয়ানি এবং ১৭ হাজার ৬১টি ফৌজদারি মামলাসহ মোট ৩৮ হাজার ৭১৩টি মামলা বিচারাধীন। অন্যদিকে, হাইকোর্ট বিভাগে ১ লাখ ১ হাজার ১৬৮টি দেওয়ানি ও ৪ লাখ ২১ হাজার ১৬৩টি ফৌজদারি মামলাসহ মোট ৫ লাখ ২২ হাজার ৩৩১টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মন্ত্রী আরও জানান, ২০২৫ সালে আপিল বিভাগে ৭ হাজার ৫৫৩টি এবং হাইকোর্ট বিভাগে ৫৫ হাজার ৭৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।
অধস্তন আদালতের চিত্র তুলে ধরে আসাদুজ্জামান জানান, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সেখানে ৪০ লাখ ৭৮ হাজার ৪৩২টি মামলা বিচারাধীন। এর মধ্যে দেওয়ানি মামলা ১৬ লাখ ৯০ হাজার ৪৪৩টি এবং ফৌজদারি মামলা ২৩ লাখ ৮৭ হাজার ৯৮৯টি। গত এক বছরে অধস্তন আদালতে মোট ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে দেওয়ানি ৪৯ হাজার ৭৩টি এবং ফৌজদারি ২ লাখ ২৬ হাজার ১১টি।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অধস্তন আদালতে বিচারাধীন ১৬ লাখ ৯০ হাজার ৪৪৩টি দেওয়ানি মামলার মধ্যে তিন লাখ ৭৭ হাজার ৪১৪টি মামলাই পাঁচ বছরের বেশি পুরোনো।
২০ জেলায় মামলা কমেছে ৬২ শতাংশ
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ২০টি জেলায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু থাকায় ওই জেলাগুলোতে উল্লেখযোগ্যভাবে বিরোধ নিষ্পত্তি হচ্ছে। এই জেলাগুলোর আদালতে নিয়মিত মামলা দায়ের করার হার ৬২ দশমিক শূন্য ৮৩ শতাংশ হ্রাস পেয়েছে। এ উদ্যোগ সফল হওয়ায় বাধ্যতামূলক মধ্যস্থতার আইনি বাধ্যবাধকতা পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের সব জেলায় কার্যকর হবে।
বিচারক স্বল্পতার বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৫ জন এবং হাইকোর্ট বিভাগে ১০১ জন বিচারপতি কর্মরত রয়েছেন। এছাড়া অধস্তন আদালতে ২ হাজার ৬২০ জন বিচারকের পদের বিপরীতে বর্তমানে ১ হাজার ৯৬৪ জন কর্মরত আছেন।
বরেন্দ্র অঞ্চলের ১৫৩ ইউপি পানিসংকটাপন্ন
এদিকে, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সংসদকে জানান, বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলার ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়নের মধ্যে ১৫৩টি ইউনিয়নকে পানিসংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪৭টি অতি উচ্চ, ৪০টি উচ্চ ও ৬৬টি মধ্যম পানিসংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত।






