বরগুনা সদর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার খাজুরতলা এলাকার গ্রিড সাবস্টেশনে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত পাওয়া তথ্যে জানানো হয়েছে, উপজেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাজুরতলা গ্রিড সাবস্টেশন থেকে বরগুনা সদর উপজেলায় পল্লী বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ নিয়ন্ত্রণ করা হয়। গত রাতে হঠাৎ করে উপকেন্দ্রের ভেতরে বিকট শব্দ শোনা যায়। এরপর ৬ নম্বর ফিডারে আগুন ধরে যায়। আগুন প্রায় এক মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে এলেও স্টেশনের অন্য ফিডার, বিদ্যুতের তার ও বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ দুর্ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন আছেন।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘রাতে আমরা অফিসেই ছিলাম। হঠাৎ বিকট শব্দের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি, ১১ কেভি এসিআর বিস্ফোরিত হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়েছে। এ ছাড়া অনেক তার ও যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

মেরামতের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, সব যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছে। যে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি পটুয়াখালী থেকে এনে প্রতিস্থাপন করতে হবে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। আজ সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কারণ বলা যাচ্ছে না।