ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

নিষিদ্ধ ঘোষিত ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও পোস্ট করা হয়।

জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে রিয়ানের নির্দেশে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ কর্মী কায়েসের নেতৃত্বে রাত ১টার দিকে গোলচত্বর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

প্রায় ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গভীর রাতে একটি সড়কে কয়েকজন যুবক হাতে জ্বলন্ত মশাল নিয়ে মিছিল করছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে রয়েছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’

ভিডিওটির স্থান ও সময়ের বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি। পুলিশও নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, বিষয়টি আমার জানা নেই। তারপরও খোঁজ-খবর নিয়ে দেখা হবে।