সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার সকাল ১০টা ২২ মিনিটে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করে সকাল ১০টা ৩৭ মিনিটে তিনি প্রাঙ্গণ ত্যাগ করেন।
রাষ্ট্রপতির এই সফর উপলক্ষে সকাল থেকে স্মৃতিসৌধ চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে রাস্তার দুই পাশে পুলিশ মোতায়েন রাখা হয়েছিল।
এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, বর্তমান মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদের ৩৪৯ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট প্রদান করেন। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান। বিপুল ব্যবধানে নির্বাচিত হওয়ার পরদিনই তিনি শপথ গ্রহণ করেন।